স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিল। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিনসহ সাবাই হত্যার দায় স্বীকার করেছে।’
রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, সারা দেশবাসী মর্মাহত। ১২ ঘণ্টার মধ্যে এ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার তদন্ত শেষে দ্রুত বিচার শুরু হবে।
বহু বছরের অবক্ষয়ের প্রভাব সমাজে প্রতিফলিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটি সুশিক্ষিত ও সুস্থ জাতি গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়। এ ছাড়া যেকোনো জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে এবং সঠিক লক্ষ্যের দিকে চালিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।