সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখার লক্ষ্য সামনে রেখে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন করতে হবে। তিনি গণমাধ্যমকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পোর্টালগুলোর ভিউ ও পাঠকপ্রিয়তা নিশ্চিত করতে মানসম্মত সাংবাদিকতা এবং কনটেন্টের গুণগত মান ধরে রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যমের মান বজায় রাখতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে জমা দিলে মন্ত্রণালয়ের জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা সহজ হবে। অনলাইন পোর্টালের বিজ্ঞাপন, টেলিভিশন ও পোর্টালের অডিট-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিক সংগঠনের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদেরও পর্যায়ক্রমে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমেই নীতিমালা প্রণয়ন করা হবে।
ভবিষ্যৎ কর্মপন্থা ও নীতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী স্পষ্ট করে বলেন, সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, মূল নীতি থাকবে একটিই—‘সবার আগে বাংলাদেশ’।