হোম > জাতীয়

এনপিসিবিএলের ১৫ প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি, আইইবির প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ১৫ জন প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)। গতকাল শনিবার আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ১৫ জন প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা অবিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানাই।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২০১৫ সালে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)’ গঠিত হয়। গঠন করার পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এনপিসিবিএল কর্তৃক জনবল নিয়োগ এবং দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটি সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ আরো জোরালো হয়। একইসাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান-এর দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। তৎপ্রেক্ষিতে ড. মো. জাহেদুল হাছান ক্ষিপ্ত হয়ে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে মৌলিক অধিকার ক্ষুন্ন করে গত ৮ মে আকস্মিকভাবে এনপিসিবিএল-এর ডেপুটি চিফ সুপারিনটেনডেন্টসহ ১৫ জন প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করার বিষয়টি আইইবির দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়, যেকোনো কারিগরি প্রতিষ্ঠানে প্রকৌশলীগণ মূল দায়িত্বে থাকেন, এক সঙ্গে ১৫ জন প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করার পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে মর্মে আইইবি মনে করে। মৌলিক অধিকার ক্ষুন্ন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল)’ এই ১৫ জন প্রকৌশলীকে আকস্মিকভাবে অব্যাহতি প্রদান করার ঘটনায় আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ’ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দেশের সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষিত প্রকৌশলীদের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চাকরিচ্যুত প্রকৌশলীদের অব্যাহতিপত্র অবিলম্বে প্রত্যাহারপূর্বক স্বীয় পদে পদায়ন করার জন্য আইইবির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের