হোম > জাতীয়

একতরফা শর্ত মেনে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নয়: রিজভী

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো শর্তের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার এগোবে। বাংলাদেশ যেমন অন্য দেশকে আমন্ত্রণ জানাবে, তেমনি অন্য দেশের আমন্ত্রণও গ্রহণ করবে—তবে সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপন বা একতরফা শর্ত মেনে নেওয়া হবে না।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য

ভারতের প্রসঙ্গে রিজভী বলেন, কোনো স্বার্থের শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এগিয়ে এলে বাংলাদেশ তা স্বাগত জানাবে। তবে কোনো বিশেষ স্বার্থ বা শর্ত চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ তাতে সম্মত হবে না।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। এর বাইরে কোনো ধরনের সম্পর্কের প্রস্তাব বিএনপি সরকার গ্রহণ করবে না।

সরকারের কল্যাণমূলক কাজ তুলে ধরবে স্বেচ্ছাসেবক দল

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

এসআর

বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণকালে কোনো প্রচার নয়: সিইসি

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করব

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

গঙ্গা পানি চুক্তির সংস্কার ও গ্যারান্টি ক্লজ ফেরানোর দাবি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

ম্যাজিক হবে না, দুই-তিন মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে হাম : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

চাকরিবিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে