হোম > জাতীয়

সারা দেশকে হাসপাতাল বানালেও লাভ নেই

নিপসম মিলনায়তনে স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সুস্থ জাতি গঠনে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, রোগপ্রতিরোধে মনোযোগ দেওয়া না হলে সারা দেশকে হাসপাতাল বানালেও লাভ নেই। পুষ্টিহীনতা থাকলে মস্তিষ্ক সঠিকভাবে বিকশিত হয় না। এতে মনোযোগ কমে যায়, কর্মক্ষমতা হ্রাস পায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। পুষ্টি বাড়াতে শুধু খাদ্যের পরিমাণে নয়, খাদ্য তৈরির প্রক্রিয়ায়ও গুরুত্ব দেওয়া জরুরি।

গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরজাহান বেগম আরো বলেন, পুষ্টিকর তরকারি ভুল প্রক্রিয়ায় রান্না করলে তার গুণাগুণ থাকে না। শুধু তাই নয়, খাদ্যের উৎস কৃষিতেও সচেতনতা জরুরি। সেখানে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার হচ্ছে, যা আমাদের শরীরে প্রবেশ করে নানা সমস্যা সৃষ্টি করছে।

শিশুদের ফাস্টফুডে আসক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন মাঠ নেই, উঠান নেই। শিশুরা তাই মোবাইল, ইন্টারনেট আর ফাস্টফুডে আসক্ত হচ্ছে। খেলাধুলা ও দূষণমুক্ত পরিবেশ ছাড়া এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়। অনেক আন্দোলন দেখি কিন্তু আজ পর্যন্ত খেলার মাঠ বা দূষণমুক্ত শহরের জন্য কেউ আন্দোলন করেনি।

ডেঙ্গুর মতো প্রতিরোধযোগ্য রোগে কেন মানুষ মারা যাবেÑ এমন প্রশ্নও তোলেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) মো. খোরশেদ আলম বলেন, সরকারের ২৩টি মন্ত্রণালয় পুষ্টি কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত। অথচ শহর ও গ্রামÑ সর্বত্র মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হাঁটার অভ্যাস কমে যাচ্ছে, শিশু-কিশোররা স্থূলতায় ভুগছে, এমনকি প্রবীণ শিক্ষিতদের মধ্যেও সচেতনতার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, দৈনন্দিন জীবনে পরিবর্তন আনা ছাড়া কোনো পথ নেই। গ্রামগঞ্জেও এখন ফাস্টফুডের দোকান। তাই বছরব্যাপী পুষ্টি ও সচেতনতা ক্যাম্পেইন চালাতে হবে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী বলেন, সচেতনতার পাশাপাশি কর্মপরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুষ্টির সঙ্গে খাদ্য, কৃষি এবং স্থানীয় মন্ত্রণালয়ও জড়িত বলে উল্লেখ করে তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, জীবের টিকে থাকার জন্য বিভিন্ন সূত্র থেকে যে শক্তি সংগ্রহ করে থাকে, সেটিই পুষ্টি। কিন্তু বাংলাদেশে এখনো ২৮ শতাংশ শিশু খর্বাকৃতিতে ভুগছে। ৯ শতাংশ শিশু ওয়েস্টিং (উচ্চতার তুলনায় ওজন অস্বাভাবিক কম)। এ অবস্থায় রাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মানুষের সচেতনতা প্রয়োজন।

তিনি আরো বলেন, অপুষ্টির পাশাপাশি শিশুরা ওভার নিউট্রিশনেও (অতিরিক্ত পুষ্টি) আক্রান্ত হচ্ছে। এতে শিশুদের স্থূলতাসহ অনেক রোগ বাড়ছে।

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি