হোম > জাতীয়

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস

আমার দেশ অনলাইন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলা হচ্ছে বলে জানিয়েছেন করেছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করে তিনি বলেছেন, এসব ঘটনায় ব্যাংকটির লাখো নারী ঋণগ্রহীতার নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। হামলার পেছনে পরিকল্পনাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে দেশ-বিদেশের সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িটিও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল। তিনি বলেন, এখানেই আমি সেই কাজের সূচনা করেছিলাম, যা পরবর্তীতে ‘গ্রামীণ ব্যাংক’-এ রূপ নেয়; আর এখানেই আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে বসবাস করেন।

ছবি: আমার দেশ

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের, মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

তিনি জানান, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ব্যাংকটির বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে, এর পেছনে থাকা কেউ বা কোনো মহল প্রতিদিন হামলাকারীদের এ ধরনের কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিচ্ছে। এসব হামলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারাও প্রাণঘাতী আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এতে গ্রামীণ অঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের হাতে রয়েছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ব্যাংকের ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বনির্ভরতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে ইউনূস আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পাশাপাশি সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো অভিযোগ নাকচ করে তিনি বলেন, ব্যাংকটি তার মালিকানাধীন বা তার পরিচালনায় রয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো ভূমিকা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।

ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা জোরদারের আবেদন করেছে। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র নারীদের জন্য ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখার অনুরোধ জানানো হয়েছে।

হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক বন্ধু ও সমর্থকদের এসব হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমীনের মুক্তির দাবি আল-হাইআতুল উলয়ার

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অপরাধজগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন