হোম > জাতীয়

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে তার মরহুম পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ।

তিনি বলেন, দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে। খাদ্য মজুদের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুদ থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।

তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদনের জন্য সার সরবরাহ নিয়ে কৃষকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।

তিনি বলেন, শিগগিরই শুরু হবে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ।

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, আমি চেষ্টা করব দায়িত্বটি সঠিকভাবে পালন করতে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে। বিগত দিনে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালেও আমার সমস্ত মেধা ও সামর্থ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিজ রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন। পরে মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন।

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা

বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

গুম মৃত্যুর চেয়ে ভয়াবহ: বিচারপতি মঈনুল