রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের সমারোহে এ বইমেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বই পাওয়া যাবে। ইসলামি জ্ঞান ও সাহিত্যচর্চায় আগ্রহী পাঠকদের জন্য মেলায় বিভিন্ন ধরনের গ্রন্থের সমাহার থাকছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান।
মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি পাঠক ও দর্শনার্থীদের জন্য ইসলামি জ্ঞান ও সাহিত্যভিত্তিক বই কেনার সুযোগ থাকবে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।