ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশজুড়ে আবারও নাশকতা, হামলা ও অগ্নিসংযোগ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা ও সহিংসতা প্রত্যক্ষ করা যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনের আড়ালে লেদার ফ্যাক্টরি, সিরামিক ফ্যাক্টরি এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি ‘তৃতীয় অপশক্তি’ বা বহিরাগত দুষ্কৃতিকারীদের উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ব্যাকপ্যাক নিয়ে মিছিলে ঢুকে পড়া এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধীদলীয় নেতা।
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস শিল্পখাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ছে। চলমান নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি এখনো জাতির সামনে স্পষ্ট হয়নি বলে তিনি মন্তব্য করেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোটের গণরায় এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য অটুট রাখা গেলে কোনো অপশক্তিই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। পলাতক স্বৈরাচারের দোসরদের সব ধরনের নাশকতা কঠোর হাতে দমন করে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।