হোম > জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

স্টাফ রিপোর্টার

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা-সংক্রান্ত রায়কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ। তিনি বলেছেন, ১৯৭৮ সালের পর এই রায় বাংলাদেশের হাতে সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার তুলে দিয়েছে।

শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুজাহিদ বার্মা টাস্ক ফোর্স ইউএসএ-র চেয়ারম্যান এবং আমেরিকান মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট।

তিনি বলেন, গতকাল বিশ্বের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনকে আইনি স্বীকৃতি দিয়ে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এই রায় বাংলাদেশের কাজে লাগানো উচিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ নভেম্বর ৯-৬ ভোটে দেওয়া সিদ্ধান্তে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে। আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে, দায়ীদের বিচার করতে এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে। রায়টি আদালতের বিধির ৫৯ অনুচ্ছেদ এবং জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক।

মুজাহিদ বলেন, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করলেও গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারবে না। ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র এই মামলাকে সমর্থন করেছে এবং ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার সঙ্গে হস্তক্ষেপকারী পক্ষ হয়েছে।

আদালতের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরগতি মানেই ক্ষমতাহীনতা নয়। সার্বিয়া ম্লাদিচকে হস্তান্তর করেছে, উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিচ্ছে। মিয়ানমারেরও পালা আসবে।

রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা আহ্বান

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চারটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুজাহিদ।

প্রণোদনা ও চাপ

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৮ সালের কৌশল অনুসরণ এবং আরাকান আর্মির রসদ সরবরাহ বন্ধ করার আহ্বান জানান তিনি।

শিক্ষা

প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুকে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই শিক্ষা ও প্রত্যাবর্তনের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর ভাষায়, তাদের দেশে ফেরত পাঠাতে হবে দক্ষতা নিয়ে, ক্ষত নিয়ে নয়।

ক্ষতিপূরণ

রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশকেও মিয়ানমারের কাছ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, মিয়ানমারের গণহত্যার মূল্য বাংলাদেশের দেওয়া উচিত নয়।

দায়ভার ভাগাভাগি

যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির প্রতি মানবিক সহায়তার তহবিল পুনরায় চালুর আহ্বান জানান। তার মতে, বিশ্ব গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার পর জীবিতদের অনাহারে থাকতে দেওয়া উচিত নয়।

মুজাহিদ দশ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অ্যাসোসিয়েশন ফর সোসিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশকে (এএসইএবি) ধন্যবাদ জানান। সংগঠনটি ক্যাম্প-১-এ আমেরিকান মুসলিম ভোকেশনাল স্কুল পরিচালনায় জাস্টিস ফর অল-এর অংশীদার।

তিনি রোহিঙ্গা সংকটে আমেরিকান মুসলিমদের ভূমিকা তুলে ধরে বলেন, মামলার প্রধান আইনজীবী আরসালান সুলেমান একজন আমেরিকান মুসলিম। বার্মা টাস্ক ফোর্স ২০১২ সালে আমেরিকান মুসলিমদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ২০১৭-১৮ সালে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংগঠনটির গবেষণা এই মামলার প্রাথমিক নথিভুক্তকরণের অংশ হয়ে ওঠে।

সাংবাদিকদের উদ্দেশে মুজাহিদ বলেন, রোহিঙ্গাদের গতকালের গল্প হয়ে যেতে দেওয়া যাবে না। তাদের শুধু সংখ্যা হিসেবে নয়, নাম ধরে স্মরণ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ১৩টি রায়ের ক্ষেত্রে ১৫ জন বিচারকের ভোটের তথ্য এবং ১৯৭৮ সাল থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যামূলক হামলার ছয়টি ঢেউ নিয়ে দুটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়েছে।

বার্মা টাস্ক ফোর্স ইউএসএ যুক্তরাষ্ট্র ও কানাডার ৩৮টি সংগঠনের একটি জোট। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জোট রোহিঙ্গা গণহত্যা বন্ধে কাজ করছে। অন্যদিকে, জাস্টিস ফর অল বিশ্বব্যাপী নির্যাতিত সম্প্রদায়ের পক্ষে কাজ করা একটি আমেরিকান মানবাধিকার সংগঠন। ইমাম আবদুল মালিক মুজাহিদ বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় আটবার স্থান পেয়েছেন।

ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক

সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি

যে কারণে বাড়িতে হামলা-অগ্নিসংযোগের পরও মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

লালবাগে আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

‘মুফতি তাকি উসমানির সফরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা’

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪৭ জন

বৌদ্ধদের ধর্মীয় উৎসবে বছরে দুই দিন ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ

গোপালগঞ্জ পরিদর্শন শেষে যা বললেন আইজিপি