বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে অত্যন্ত নীরবে-নির্ভৃতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা করতে না পারা শিক্ষার্থী, গুম-খুনের শিকার পরিবার কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান বিভিন্ন সমস্যার টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাদের প্রতিটি উদ্যোগেই দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ উত্তরণের অভিনব পথ খুঁজে বের করার প্রয়াস রয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ তিনি আশা প্রকাশ করেন, মানুষের জীবনযাত্রার মান বদলে দেওয়া এসব উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং শিল্পকারখানা পুনরুজ্জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমানের আদর্শে গড়া এই ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ প্রজন্মের অংশগ্রহণমূলক বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়িত হবে।
বিজ্ঞান মেলা আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া তরুণ বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।