হোম > জাতীয়

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

স্টাফ রিপোর্টার

বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, জনগণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ, সেবাপ্রত্যাশী জনগণকে হয়রানি এবং দায়িত্ব পালনে অনিয়মের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সচিব সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিব সভায় সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন এবং কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ বা অনৈতিক সুবিধা দাবি করতে না পারেন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়গুলোও আলোচনায় আসে। একই সঙ্গে সরকারি সম্পত্তি বেহাত হওয়া ঠেকানো এবং ইতোমধ্যে বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক সচিব আমার দেশকে বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার আগেভাগেই সতর্ক রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যাতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের চাপ তৈরি করতে না পারে, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের এ সচিব আরও বলেন, বিশেষ করে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে সভায় বেশি আলোচনা হয়েছে। সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, জ্বালানি খাতে ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলায় শুধু প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল না থেকে বিকল্প ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর সুযোগ রয়েছে বলেও আলোচনায় উঠে আসে।

প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়টিও সচিব সভায় গুরুত্ব পায়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি পর্যবেক্ষণ করা সহজ হবে এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা বাড়বে। একই সঙ্গে সরকারি সেবার মান উন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমানোর ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সচিব সভায় সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন, সুবিধা বিতরণে স্বচ্ছতা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সচিবদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির মাধ্যমে যাতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনার বিষয়টি আলোচনায় আসে।

খাল খনন কর্মসূচির ক্ষেত্রেও অর্থ ব্যয়ের যথাযথ ব্যবহার এবং কাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি অর্থ ব্যয় করে প্রকল্প বাস্তবায়নের পর এর সুফল জনগণ পাচ্ছেন কি না, তা মাঠপর্যায়ে নজরদারির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এ ছাড়া সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারের বিষয়েও সচিবদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি জমি, স্থাপনা বা অন্যান্য সম্পদ যাতে অবৈধভাবে দখল বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানো এবং সরকারের অগ্রাধিকারগুলো দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে এ সচিব সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জনগণের জন্য সরকারি সেবা সহজ করা, দুর্নীতি ও হয়রানি কমানো এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক ও জ্বালানি সংকটের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত রাখার বিষয়টিও সভার আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সচিবদের মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ চাইল বাংলাদেশ

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

নগর স্বাস্থ্যসেবায় সান্ধ্যকালীন ক্লিনিক চালুর কথা ভাবছে সরকার