২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। এতে ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি তুলে ধরা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে (gsa.teletalk.com.bd)। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
আবেদনকারীরা আসন খালি থাকা সাপেক্ষে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। কোনো প্রতিষ্ঠানে দুটি শিফট থাকলে উভয় শিফট পছন্দের তালিকায় রাখলে তা আলাদা দুটি পছন্দ হিসেবে বিবেচিত হবে। তবে একই বিদ্যালয় বা শিফট একাধিকবার বেছে নেওয়া যাবে না।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি কোটা ও ক্যাচমেন্ট এলাকার নিয়ম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদনের ফরম জমা দেওয়ার তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানাতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা মাউশির ওয়েবসাইটের (www.dshe.gov.bd) সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের (www.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা মেনেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।