গত তিনদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সংসদে বাহাস হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে এ বাহাস হয়।
এ সময়ে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতেও বিরোধীদল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধীদল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে।
আগের দিনের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির নেই বলে দেওয়া বক্তব্যের নবম জাতীয় সংসদের উদাহরণ তুলে ধরে শফিকুর রহমান বলেন, সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সুতরাং নজির আছে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকার দিয়েছে। সেই অনুযায়ী সংসদীয় কমিটিতেও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব ইতোমধ্যে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে বিরোধী দল থেকে কমিটির সভাপতি করার নজির থাকার বিষয়টি তিনি স্বীকার করছেন।
এরপর জুলাই জাতীয় সনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, বিরোধীদল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে আসনের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে।
বিরোধী দলকে সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা শুভ সূচনা করুন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন যা বক্তব্য আছে সেখানে দিন।”
সংবিধান সংশোধনের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাশীঘ্র সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসবো যাতে করে তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।
বিরোধী দল বাইরে যে রাজনৈতিক অবস্থানই নিক, সংসদে সংবিধান সংশোধনের জন্য সবাইকে একসঙ্গে আলোচনায় বসতে হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, এখানে তো আমাদেরকে সবাই একসাথে বসে তর্কের মধ্য দিয়ে এটা নিতে হবে।