হোম > জাতীয়

হজ নিবন্ধন শুরু আজ, ২২ নভেম্বর পর্যন্ত চলবে

আমার দেশ অনলাইন

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ সোমবার। এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সময়সীমার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এবার সবার জন্য নতুন করে সাধারণ নিবন্ধন শুরু হচ্ছে না। আগে নির্ধারিত নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সৌদি আরবের বাড়তি অনুমোদন এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত থাকা কোটার বিপরীতে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

কেন আবার নিবন্ধনের সুযোগ

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট হজযাত্রীর অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু কোটা অব্যবহৃত রয়েছে। এসব বর্ধিত ও অব্যবহৃত কোটায় হজযাত্রী পাঠানোর জন্য নতুন করে প্রাথমিক নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম ২৭ জুলাই শুরু হয়েছিল। ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩ হাজার ৭৪১ জন নিবন্ধন করেছিলেন। পরবর্তী সময়ে নিবন্ধন কার্যক্রমের সময়সীমা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়।

চূড়ান্ত নিবন্ধনের টাকা জমার শেষ সময় ১০ ডিসেম্বর

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই প্রাথমিক নিবন্ধনের পর নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এজেন্সি পরিবর্তনের সুযোগও ২২ নভেম্বর পর্যন্ত

এদিকে ২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাকনিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ কার্যক্রমও ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

তবে হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন করা যাবে না। একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তরের সুযোগও দেওয়া হবে না। এ নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

হজ নিবন্ধনসংক্রান্ত তথ্য, নির্দেশনা ও সহায়তার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল hajj.gov.bd ব্যবহার করা যাবে। এ ছাড়া হজ তথ্যসেবা কেন্দ্রে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

বন্যার ঝুঁকি থেকে সুরক্ষায় বিমার আওতায় এলো যমুনাতীরের ১ লাখ মানুষ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার