ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের হাতে গবেষণা সাময়িকী ‘তুরাস’-এর ‘উত্তরাধিকার’ সংখ্যা তুলে দেওয়া হয়েছে।
বুধবার কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া ও বাবরি মসজিদ কমপ্লেক্সের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শৃঙ্খলা কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ এবং আদাবর থানার সদস্য মাওলানা তাওহীদুল ইসলাম।
সাক্ষাৎকালে মাওলানা মামুনুল হক প্রকাশনাটি পর্যালোচনা করেন এবং এর বিষয়বস্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের পাশাপাশি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-সহ দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও স্মৃতি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ‘তুরাস’-এর এই সংখ্যায় মাওলানা মামুনুল হকের একটি গুরুত্বপূর্ণ লেখাও স্থান পেয়েছে।
সাক্ষাতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রতিনিধিরা ‘উত্তরাধিকার’ সংখ্যার প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শায়খুল হাদীস (রহ.)-এর জীবন ও অবদান নিয়ে ‘তুরাস’-এর একটি বিশেষ সংখ্যা প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন।