হোম > জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’

স্টাফ রিপোর্টার

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে। এর মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এ ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করা হবে বলেও জানান তিনি।

মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা—তা মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারও পক্ষ থেকেই হোক—সবকিছুই সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে। ফলে এ ধরনের অপরাধমূলক প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সবিহীন কোনো থ্রি-হুইলার বা নন-মোটরাইজড যান চলতে দেওয়া হবে না। এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয়ের জন্য হাইওয়ে পুলিশ প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে আধুনিক ও যুগোপযোগী এ উদ্যোগ সফল করতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক একটি সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় ইতোমধ্যে মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, বিপজ্জনকভাবে ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টো পথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হবে।

প্রযুক্তিনির্ভর এ প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তথ্য বিআরটিএর ডেটাবেজে চলে যাবে। এরপর স্বয়ংক্রিয় ব্যবস্থায় যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ জানানো হবে। পরে যানবাহনের মালিকরা তাঁদের সুবিধামতো যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

এভাবে বারবার আইন লঙ্ঘন করা হলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা, রাষ্ট্রদূত তলব

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

তিন ড্রিমলাইনার লিজ নিতে নতুন করে দরপত্র আহ্বান বিমানের

খেলায়-খেলায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রীর

মৎস্য রপ্তানি বাড়াতে গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

স্থানীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি-আইজিপি বৈঠক

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়ে আলোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ শুরু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭০