২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সোমবার বোর্ডের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শর্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা ও সাধারণ—দুই ক্যাটাগরিতে নির্ধারিত হারে বৃত্তির অর্থ পাবেন।
শর্ত অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা করে পাবেন। এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিবছর এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা করে পাবেন।
বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। এ নির্দেশনা অমান্য করে বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বৃত্তির অর্থ উত্তোলনের জন্য শিক্ষার্থীকে যে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবে, সেখান থেকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বৃত্তি অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সদাচরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক অগ্রগতি বজায় রাখতে হবে। উচ্চশ্রেণিতে পড়াশোনার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে কোনো শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।
এ ছাড়া বৃত্তি কার্যকর হবে বাংলাদেশের অভ্যন্তরে সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির সুবিধা পাবেন না। এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়নকালকে পাঠবিরতি হিসেবে গণ্য করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজনে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই এসব পরিবর্তন বা বাতিল করতে পারবে।
ঢাকা বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের তালিকা: https://dhakaeducationboard.gov.bd/site
ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা: https://www.mymensingheducationboard.gov.bd/index.php/website/noticeview/MjcxOQ==