হোম > জাতীয়

হাদিকে গুলি: যে কথা বলে গাড়ি ভাড়া নেন ফয়সাল

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সালকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামান তিন দিনের রিমান্ডে রয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফয়সালের মা-বাবাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন। পিপি আরো বলেন, ঘটনায় যারা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন। তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

আসামি নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তখন আদালত জানতে চান, তার কিছু বলার আছে কি না। তখন নোমানী বলেন, অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত। প্রায় ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়। তবে গত তিন মাস আমাদের কোনো সাক্ষাৎ হয়নি। তিনি আরো বলেন, আমি গাড়ির ব্যবসা করি। ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে।

শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল। কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল। তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম।

বিচারক তার কাছে জানতে চান, ওই ড্রাইভারকে তিনি চিনেন কি না। নোমানী বলেন, হ্যাঁ। বিচারক তিনি কোথায় আছেন, তা জানতে চাইলে নোমানী বলেন, ডিবিতে আছে। আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে।

নোমানী আরো বলেন, শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল, ভাই, আমি বিয়ে করেছি। স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায়। পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি বিএনপি বাজার (আগারগাঁও) পাঠাতে বলে। তখন আমি তাকে বলি, সুমন ভাইকে ফোনে কল দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি আরো বলেন, দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল। এখন টিভিতে দেখি ছোট চুল।

বিচারক তাকে বলেন, রিমান্ড মানে শাস্তি নয়। তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন, আপনার কিছু হবে না। এরপর আদালত আদেশ দেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন