হোম > জাতীয়

উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার জাতিসংঘ সদরদপ্তরে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ জাতিসংঘের উভয় সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে উপদেষ্টা জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির আরও সহযোগিতা কামনা করেন। জবাবে উপপরিচালক বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উভয় সংস্থার চলমান কর্মসূচিগুলোকে আরও সময়োপযোগী করার পরামর্শ দেন। উভয় সংস্থার প্রতিনিধিরা তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

অনুসারীরা বহুধাবিভক্ত তবু অমলিন তার প্রভাব

রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হয়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম