ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের ক্ষমতায়ন, প্রতিভার বিকাশ এবং জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এই জনগোষ্ঠীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। এ জন্য তাদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি ও উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ডাউন সিন্ড্রোম সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে হলে তাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। তাদের সক্ষমতা ও দক্ষতা অনুযায়ী কাজের পরিবেশ তৈরি করা গেলে নিজেদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
এ ক্ষেত্রে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।