পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বিকেএমইএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমাদের শ্রমিক ভাই-বোনেরা যে চাপের মধ্যে আছেন, তা আমরাও উপলব্ধি করি। আবার একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, প্রতিনিয়ত উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কারখানার রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জগুলোও বাস্তব। তাই শ্রমিকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা আর কারখানা সচল রাখা, দুটিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
মোহাম্মদ হাতেম বলেন, মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষেরই প্রতিনিধি আছেন। আমরা বিশ্বাস করি, আলাপ-আলোচনার মাধ্যমেই একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব। আমরা চাই এমন একটি কাঠামো গঠন হোক, যা শ্রমিকের জীবনমান সুরক্ষিত করবে এবং শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।
শ্রমিক আর শিল্প একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি আরও বলেন, দুই পক্ষ এক সঙ্গে ভালো থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই আসুন, সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছাবার চেষ্টা করি। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।