স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যার তদন্ত শেষে দ্রুত বিচার শুরু হবে।
রোববার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার শিক্ষার্থী অপ্রতিম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, সারা দেশবাসী মর্মাহত, ১২ ঘণ্টার মধ্যে অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিলো। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিন হত্যার দায় স্বীকার করেছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের পতন বহু বছর ধরে শুরু হয়েছে। সমাজের শৃঙ্খলা ফেরাতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।