ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রচারিত এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। ইসলামিক ফাউন্ডেশনের যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনো রূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।