হোম > জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংগঠনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন হস্তান্তর করে। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে নটর ডেম কলেজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসার দাবি রাখে। এসব কারণেই কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে, যা অন্যান্য কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে ক্লাবের লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে। এর মধ্যে ছিল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ। রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৯

২৯ রেস্টুরেন্টের অনলাইনে বিক্রির সঙ্গে ভ্যাট রিটার্নে গরমিল

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী

হাসিনার নির্দেশে রক্তের হোলিখেলার চেষ্টা চলছে: রিজভী

জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

পাকিস্তানের জাতীয় পরিষদ ও সামরিক একাডেমি পরিদর্শন করলেন স্পিকার

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান