রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। এ ছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।