দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের রেকর্ড রপ্তানি আয়ের পাশাপাশি বস্ত্র প্রকৌশলীদের দীর্ঘদিনের সংকট ও বঞ্চনার চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য মাহবুবা হাকিম। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বস্ত্র ও পাটমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্যের শুরুতে গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, তিন মাসেই আয় ছাড়ালো ১০ বিলিয়ন ডলার’ শীর্ষক আমার দেশ পত্রিকার প্রতিবেদনের কথা উল্লেখ করেন মাহবুবা হাকিম।
নিজেও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার উল্লেখ করে তিনি বলেন, এই শিল্পের শ্রমিকরা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না, আর বস্ত্র প্রকৌশলীরা ভালো না থাকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৮ সালের সূচিত এই রপ্তানি শিল্প একসময় টিকে থাকতে পারবে না। তাই শ্রমিক ও প্রকৌশলী উভয়ের স্বার্থে দক্ষ জনবলভিত্তিক টেকসই টেক্সটাইল নীতি বাস্তবায়নের প্রস্তাব দেন তিনি।
শ্রমিকের স্বার্থ রক্ষা, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি অব্যাহত রাখতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়সহ বিএসটিআই, কাস্টমস ও এনবিআরের মতো কৌশলগত খাতগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ত করার দাবি জানান তিনি।
বিসিএস ক্যাডার ও নিয়োগ জটিলতার বিষয়টি তুলে ধরে মাহবুবা হাকিম বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। অথচ বিসিএসে বন, মৎস্য, কৃষি ও পশুসম্পদ ক্যাডার থাকলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কোনো স্বতন্ত্র ক্যাডার ব্যবস্থা নেই। গত ১ জুলাই শিক্ষামন্ত্রী বিষয়টিকে যৌক্তিক দাবি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথা জানালেও ২০১৬ সালের টেক্সটাইল ক্যাডার ফাইলের পরবর্তী অগ্রগতি এখনো জানা যায়নি।
সরকারি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেহাল দশার চিত্র তুলে ধরে এই সংসদ সদস্য আরো বলেন, ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে নেওয়া চারটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজসহ দেশের ১১টি সরকারি টেক্সটাইল কলেজে বর্তমানে ভয়াবহ শিক্ষক সংকট চলছে এবং এসব প্রতিষ্ঠানে ৭১ শতাংশেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকায় এক দশকেরও বেশি সময় ধরে পদোন্নতি জট চলছে এবং ২০২৬ সালেও বস্ত্র অধিদপ্তর পুরোনো পরিদপ্তরের বিধিতেই পরিচালিত হচ্ছে।
বক্তব্যের শেষে বড় ধরনের কোনো অসন্তোষ সৃষ্টির আগেই টেক্সটাইল প্রকৌশলী ও শিক্ষার্থীদের এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর অনুরোধ জানান সংসদ সদস্য মাহবুবা হাকিম।