হোম > জাতীয়

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন।

সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে প্রধানমন্ত্রী খুলনায় যাবেন।

খুলনা স্টেডিয়ামে নুতন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে।

এদিকে খুলনায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল। পুরো শহর পরিচ্ছন্ন করা হয়েছে।

জেলা স্টেডিয়াম ও এর আশপাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর রং-বেরঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি।

এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির প্রতিকৃতি।

সরজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুন। এবারই প্রথম সরকারপ্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো খুলনা মহানগরীতে বসানো হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা আসবেন, সে জন্য মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।’

এএম

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহ্দী আমিন

সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত