হোম > জাতীয়

অপরাধজগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

আমার দেশ অনলাইন

শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’।

দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্তি পাওয়ার দুই বছরের মাথায় আবারও গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছেন রাজধানীর অপরাধজগতের একসময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘটিত আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ত্রাস ছিলেন সুইডেন আসলাম। সাধারণ এক তরুণ থেকে কীভাবে তিনি ঢাকার অপরাধজগতের শীর্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন, তার পেছনে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার পালাবদলের দীর্ঘ ইতিহাস।

শৈশব ও অপরাধজগতে প্রবেশ সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায় হলেও পরিবারের সঙ্গে তিনি থাকতেন রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। শুরুর দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন।

কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও উত্থান নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পরবর্তী সময়ে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত পাওয়া পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটত, যাতে একাধিক হতাহতের ঘটনাও ঘটে।

১৯৯৬ সালে আসলাম কৌশলে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে টেনে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে সেই ঘটনায় আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, পিচ্চি হান্নানকে দিয়েই আসলাম ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের একচ্ছত্র আধিপত্য ছড়িয়ে পড়ে। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের চাঁদাবাজির দায়িত্ব তিনি দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।

‘সুইডেন আসলাম’ নামের পেছনের গল্প আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিজীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। দেশে ফেরার পর সেখান থেকেই তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান। পরবর্তী সময়ে ইতির সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

গ্রেপ্তার ও কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণ ১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরে আসেন সুইডেন আসলাম। ওই বছরেরই ২৬ মে ৩৫ বছর বয়সে একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ৯টিই হত্যা মামলা। এ ছাড়া অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।

অভিযোগ রয়েছে, কারাগারে বন্দী থাকলেও বাইরের অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি। এ কাজে বাইরে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচায় জড়িতদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন এবং এর ভাগ পেতেন বলে অভিযোগ আছে। এর বাইরে মাদক চোরাচালান, ভাড়াটে খুনি দিয়ে হত্যা ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে। বিভিন্ন সময়ে তার কারাকক্ষ (সেল) থেকে মুঠোফোন উদ্ধারের তথ্যও উঠে এসেছিল, যা ব্যবহার করে তিনি মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন বলে অভিযোগ ছিল। এ কারণে তাঁকে একাধিকবার এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তর করা হয়।

মুক্তি ও পুনরায় গ্রেপ্তার আসলামের ঘনিষ্ঠজনদের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ তৈরি হলেও ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর থাইল্যান্ডে যাতায়াত করছিলেন আসলাম। থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় রোববার রাতে আবারও থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় এবং টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

বস্তিবাসী ও উপকূলীয়দের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের ২ প্রকল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ

ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি