হোম > জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ জরুরি: সাখাওয়াত

স্টাফ রিপোর্টার

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে উল্লেখ করে এ সমস্যা সমাধানে সরকারকে অবিলম্বে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, বরং জাতীয় অগ্রাধিকারের ইস্যু। সংকট উত্তরণে দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও সমন্বিত আলোচনা জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের জন্য একটি নৈতিক বিজয়। তবে অন্য দেশের বিপুলসংখ্যক নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিতে শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি হয়েছে। এই রায়ের আন্তর্জাতিক প্রভাবকে বাংলাদেশের স্বার্থে কাজে লাগাতে হবে।

সরকারের সমালোচনা করে মঞ্জু দাবি করেন, বর্তমান সরকারের অগ্রাধিকার নির্ধারণে ভুল রয়েছে এবং জাতীয় সংকট মোকাবিলার চেয়ে লোকদেখানো কর্মসূচিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, কলকাতার এক মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধেও সরকারের জোরালো কূটনৈতিক প্রতিবাদ দেখা যায়নি। এছাড়া টেকনাফকে মাদক পাচারের অন্যতম রুট উল্লেখ করে ক্যাম্পকেন্দ্রিক অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর পদক্ষেপ এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি প্রতিষ্ঠিত হওয়াকে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত। সংকট সমাধানে মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতার পাশাপাশি জাতিসংঘ, ওআইসি, আসিয়ান এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এখনই কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দীর্ঘদিন বন্দিশিবিরের মতো পরিবেশে বসবাস করতে গিয়ে রোহিঙ্গারা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং ক্যাম্পকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে। বিষয়টিকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে না দেখে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির নিরিখে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সে বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন লেখক ও চিন্তক আব্দুল হালিম, দলের শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক ও সহদপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, গণশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, প্রবাসী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক নুরুন্নবী নয়ন, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ, বরিশালের নেতা জাকির হোসেন ও নারী নেত্রী ইভানা পারভীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু একজনের

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ