হোম > জাতীয়

মার্কিন স্বার্থ দেখার জন্য দেশের মানুষ ভোট দেয়নি

আলোচনা সভায় বিশিষ্টজনেরা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে আমরা সরকারের কাছ থেকে সব সময় শুনি ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু কার্যত দেখা যাচ্ছে, সবার শেষে বাংলাদেশ। মনে হচ্ছে, সবার আগে সাম্রাজ্যবাদী স্বার্থ, সবার আগে যুক্তরাষ্ট্র, মার্কিন স্বার্থ কিংবা ট্রাম্পের স্বার্থ- এমন মন্তব্য করেছে বিশিষ্টজনেরা।

তারা বলছেন, বাংলাদেশের মানুষ তো মার্কিন স্বার্থ দেখার জন্য ভোট দেয়নি। এসব দেখে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দেয়নি, ভোট দিয়েছে ট্রাম্প প্রশাসন, ডিপি ওয়ার্ল্ড কিংবা এশিয়া এনার্জি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মিডিয়া এন্ড সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

এ সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ইতিমধ্যে যারা বন্দর পরিচালনা করছেন, নৌবাহিনী কিংবা বেসরকারি কোম্পানি, তারা সেটি পরিচালনার সক্ষমতা দেখিয়েছেন। যথাযথ পরিকল্পনা করা হলে রাষ্ট্রীয়ভাবে বন্দর পরিচালনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জাতীয় সক্ষমতার ভিত্তি দাঁড় করানো সম্ভব। কিন্তু কোনো সরকারই সেই পথে যায়নি। এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষ যে কারণে বারবার লড়াই করেছে, আমরা ক্রমাগত সেই লক্ষ্য থেকে দূরে সরে যাব।

তিনি বলেন, একটি দেশের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ধারাবাহিকতার প্রতি ন্যূনতম সম্মান এবং জাতীয় স্বার্থের প্রতি ন্যূনতম গুরুত্ব থাকলে কিছু পরিবর্তনের সূচনা হতো। কিন্তু আমরা কোনো ধরনের সুপরিবর্তনের সূচনা দেখতে পাচ্ছি না। পরিবর্তন আনতে হলে জাতীয় সক্ষমতা ও জাতীয় স্বার্থের ওপর দাঁড়ানোর জায়গা তৈরি করতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন ও প্রতিরোধের কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা যে সর্বনাশ থেকে রক্ষা পেয়েছিলাম, সেই প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। বন্দরকে আরও দক্ষ ও সক্ষম করতে হলে কাস্টমসের পরিবর্তন, আমলাতন্ত্রের পরিবর্তন এবং অবকাঠামোগত পরিবর্তন দরকার। এসবের সঙ্গে বিদেশি কোম্পানি আনার কোনো সম্পর্ক নেই। বরং বিদেশি কোম্পানি আনার অর্থনৈতিক দিকের পাশাপাশি এর রাজনৈতিক ও সামরিক মাত্রাও রয়েছে, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষক ড. মোশাহিদা সুলতানা ঋতু বলেন, বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, নিউমুরিং ও লালদিয়ার এপিএম টার্মিনালসহ একের পর এক নতুন বন্দর ও টার্মিনাল হচ্ছে। বর্তমানে দেশে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৪০ লাখ টিইইউ। পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে তা ৮৬ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিপুল সক্ষমতা আমাদের আদৌ কতটা প্রয়োজন হবে। কারণ কোভিড, ইউক্রেন যুদ্ধ ও বর্তমান বৈশ্বিক সংকটের কারণে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমদানি-রপ্তানি বাড়ছে না। একই সঙ্গে নতুন টার্মিনালগুলোকে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার ফলে ভবিষ্যতে মুনাফা দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, বন্দরের স্বার্থ রক্ষার বিষয়টি শুধু আয়-ব্যয়ের হিসাব দিয়ে দেখলে হবে না। এর সঙ্গে জাতীয় স্বার্থ ও জনগণের সম্পদের মালিকানার প্রশ্নও জড়িত। লাভজনক টার্মিনালসহ দেশের বিভিন্ন সম্পদ বিদেশি ও বেসরকারি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় স্বার্থ বলতে জনগণের স্বার্থকেই বোঝায়। তাই জনগণের সম্পদ বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তিমালিকানায় হস্তান্তরের যে প্রবণতা আগের ও বর্তমান সরকারগুলোর মধ্যে দেখা যাচ্ছে, তা প্রতিরোধ করা জরুরি।

মাওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা শুধু রাজনৈতিক অবস্থান নয়, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও জনগণের সম্পদের মালিকানার প্রশ্ন জড়িত। বিভিন্ন দেশ বন্দর পরিচালনা ও মালিকানায় বিদেশিদের অংশগ্রহণের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে।

আলোচনা সভায় মিডিয়া এন্ড সিভিল রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক বাতেন বিপ্লবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক সত‍্যজিৎ বিশ্বাস, ছাত্র কাউন্সিলের সভাপতি সায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রেসিডেন্ট দিলীপ রায়, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

এএস

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

দ্বিগুণ মূল্যে ওষুধ সরবরাহ করছে ইডিসিএল: সংসদে এমপি ফরিদ

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিটিসিএলে চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু, মারধর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি মীর আহমাদের

এসআরবি বিলের ৮ বিষয়ে ভিন্নমত বিরোধী দলের

ভিসি নিয়োগে রাজনীতি বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী