সরকারের উপদেষ্টাদের নতুন করে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানকে নতুন করে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। মন্ত্রণালয় দুটি হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
রোববার ডা. জাহেদ উর রহমান ফেসবুক পোস্টে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’
গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।