জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ । দলটির অভিযোগের সত্যতা পায়নি ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। ফলে বাংলাদেশ সম্পর্কে আইপিইউ এর ভুল ধারণা কেটে গেছে।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘তানজানিয়া সফরকালে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের মধ্যে মাত্র দুটি দেশ এ সম্মেলনে বিশেষ অংশ নেয়। ওই অঞ্চলে আন্তর্জাতিক সংসদীয় নির্বাচনি কমিটির সদস্য পদে নির্বাচিত হয়ে বাংলাদেশ এক বিরল আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে।’
হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিনে আইপিইউ এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।