বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল হয়েছে পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তবে ঢাকায় অনুষ্ঠাতব্য একটি মহাসম্মেলনে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদিসের পাঠদান করবেন তিনি।
আগামীকাল সোমবার রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রথম দিন বিকেলে মুফতি তাকী উসমানীর এ পাঠদান পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসার সাবেক শিক্ষার্থীরা (ফুজালা) অংশ নেবেন। আয়োজকদের আশা, ভার্চুয়ালি যুক্ত হলেও তার উপস্থিতি সম্মেলনকে বিশেষ তাৎপর্য দেবে।
এদিকে, আগামী শুক্রবার একদিনের জন্য হলেও মুফতি তাকী উসমানীর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন তার সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।
রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রোববারের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। তবে সরকার অনুমতি দিলে শুক্রবারের ফ্লাইটে তার বাংলাদেশে আসার সুযোগ তৈরি হতে পারে।
মুফতি মিযানুর রহমান সাঈদ আরো বলেন, মুফতি তাকী উসমানীর পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আগে থেকেই তার একাধিক সফরসূচি থাকায় বর্তমান পরিকল্পনায় পরিবর্তন আনা কঠিন। তবে সুযোগ তৈরি হলে এবং তার শারীরিক অবস্থা অনুকূলে থাকলে শুক্রবার এক দিনের জন্য বাংলাদেশে আসতে পারেন তিনি।
এ সময় মুফতি তাকী উসমানীর সাক্ষাতপ্রত্যাশী ও ভক্তদের কাছে তার সফর এবং সুস্থতার জন্য দোয়া কামনা করেন সফর সমন্বয়ক।