হোম > জাতীয়

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত নবম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদান, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং বদলিপ্রত্যাশী শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থাসহ আট দফা দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। একই সঙ্গে চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা, শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া, এমপি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। অথচ এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকরির নিরাপত্তা, আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই দেশের সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে চাকরি জাতীয়করণ অত্যন্ত জরুরি।

তিনি জানান, দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ সার্বিক বিষয় জাতীয়করণ করতে বছরে প্রায় ২৬ হাজার ৩৭৩ কোটি টাকা ব্যয় হতে পারে।

অন্যদিকে শিক্ষার্থীদের বেতন, সেশন চার্জ, প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ থেকে আয়, সঞ্চিত অর্থের সুদ ও রিজার্ভ ফান্ড থেকে বছরে প্রায় ৮ হাজার ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। বিদ্যমান সরকারি ব্যয় ও সম্ভাব্য এই আয় সমন্বয়ের পর জাতীয়করণে সরকারের নিট বা অতিরিক্ত ব্যয় বছরে মাত্র ৭০০ কোটি টাকার মতো হতে পারে বলে দাবি করে ঐক্যজোট।

নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে মো. সেলিম ভূঁইয়া বলেন, ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ বেতন দেওয়ার মাধ্যমে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন বেতন স্কেল পরিবর্তিত হলেও শিক্ষক-কর্মচারীরা সে অনুযায়ী প্রত্যাশিত সুবিধা পাননি। তিনি দ্রুত নবম বেতন স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং জানান যে এ জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রায় ৬৭৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ সময় দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, তীব্র আর্থিক অনিশ্চয়তার কারণে এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাই তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

লিখিত বক্তব্যে শিক্ষকদের বদলিপ্রক্রিয়া প্রসঙ্গে বলা হয়, অনেক শিক্ষক নিজ উপজেলা, জেলা কিংবা বিভাগ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরে চাকরি করছেন। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবনে নানা সংকট তৈরি হচ্ছে। যদিও বদলির জন্য সফটওয়্যার চালু করা হয়েছে, তবুও নানা ত্রুটির কারণে আবেদনগুলো সঠিকভাবে নিষ্পত্তি হচ্ছে না। দ্রুত এসব কারিগরি সমস্যার সমাধান করে বদলির আদেশ জারির দাবি জানানো হয়।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়া, চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর নির্ধারণ এবং বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার ১ থেকে ১২তম এনটিআরসিএ সনদপ্রাপ্তদের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার জোরালো দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

বড়দিন উদযাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

এক মাসে হত্যা, হামলা ও হুমকির শিকার ২৮ সংবাদকর্মী

পুলিশের শীর্ষ পদে সাত কর্মকর্তার রদবদল

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

টিআইবির গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী