৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জনের ৩০০টিসহ মোট ৫ হাজার শূন্য পদে নিয়োগের জন্য এই পরীক্ষার আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের বয়সসীমা ১ সেপ্টেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে। ১ অক্টোর থেকে ২৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আর ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। সার্ভিস সার্চসহ পরীক্ষার ফি ২০৫ টাকা।
এমসিকিউ পদ্ধতিতে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরে। পরে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষায় সাতটি বিষয়ের ওপর প্রশ্ন ও নম্বর বণ্টন থাকবে। ২০০ টি প্রশ্নের প্রতিটি শূদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থীরা। তবে ভুল উত্তর দিলে প্রতিটির জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫ শূন্য নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষার পাস নম্বর কমিশন থেকে নির্ধারিত হবে। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লিখিত পরীক্ষা মূলত ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।