হোম > জাতীয়

হাদী হত্যার বিচারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

আমার দেশ অনলাইন

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি হাদী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারত সরকারের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে জাবের অভিযোগ করেন, শহীদ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন চক্র ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তার দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো জবাব দেয়নি।

তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার জন্য নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ের উল্লেখ করে জাবের দাবি করেন, ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরাসরি জড়িত।

জাবের বলেন, ‘নির্বাচনের আগে আমরা যখন হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন অভিযোগ করা হয়েছিল যে আমরা নাকি নির্বাচন বানচাল করতে আন্দোলন করছি। এখন তো দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাস পেরিয়ে গেলেও এখনো কেন শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার হচ্ছে না—সরকারের কাছে আমরা সেই জবাব চাই।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, গত ১৭ বছর বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরেই আজ বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যদি জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে অতীতে বিএনপিকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন শাহজাদ, অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, সদস্যসচিব সজীব হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের স্থানীয় কর্মী-সমর্থক এবং সম্মেলনস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রতিমন্ত্রী

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মামুনুল হকের হাতে ‘উত্তরাধিকার’ সংখ্যা তুলে দিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন

পর্যটন খাতে অপার সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ: সাদিক কায়েম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে কিছুই জানানো হয়নি

কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না আরো দুজনের

ইরাক প্রবাসীদের জন্য সুখবর

নৃগোষ্ঠীগুলোর উন্নয়নে সরকার বাস্তবসম্মত উদ্যোগ নিচ্ছে: ফকির মাহবুব