সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে এই মহড়া শেষ হয় দুপুর ১টায়।
মহড়ার শুরুতে সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবন মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
তাত্ত্বিক ক্লাস শেষে এনেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানোর কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এছাড়া রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র্যাপেলিং, অটোস্কেপ এবং টিটিএল (টার্নটেবল ল্যাডার) ব্যবহারের মাধ্যমে ভবনে আটকে পড়া ভিকটিমদের নিরাপদে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত সবাইকে অগ্নিনির্বাপণ যন্ত্র সঠিকভাবে ব্যবহারের অনুশীলনও করানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হকের পরিচালনায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ।
এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।