হোম > জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

স্টাফ রিপোর্টার

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য আরো ৭০ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। ১৫০ জন কর্মী নিয়োগের লক্ষ্যে চলমান প্রক্রিয়ায় এটি দ্বিতীয় দফার মনোনয়ন।

আজ শনিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এসব প্রার্থীকে মনোনীত করা হয়। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে আরো ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। এতে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সরকারের বৃহৎ কর্মসংস্থান উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

বোয়েসেলের লিখিত বক্তব্যে বলা হয়, এ নিয়োগ কার্যক্রমে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। অভিবাসন-সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। কর্মীদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ বা অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে বোয়েসেলের বার্তা—‘জিরো মিনস জিরো’। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে না।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে শুধু অর্থ গ্রহণকারী নয়, অর্থ প্রদানকারীসহ জড়িত উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বোয়েসেল জানায়, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের

বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার অর্ধশত নেতাকর্মী

হংকং থেকে মসলার আড়ালে সিসা আমদানি, গ্রেপ্তার ৩

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ