২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের কথা জানিয়েছেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতে গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক আর চালকদের বেপরোয়া আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া গেলে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী।
তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়; এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিশ্চিত করতে হবে জবাবদিহিও। সড়ক নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেন তিনি। যেকোনো মূল্যে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী।