জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব নেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতির দায়িত্বে বসেন।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবারের সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
এদিকে নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানিয়েছে।
এআরবি