হোম > জাতীয়

আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে আইসিএও ও থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বুধবার কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ৭ম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

দেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকগুলোতে বিমান চলাচল খাতের উন্নয়ন, আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, বিমান নিরাপত্তা, দক্ষ জনবল সৃষ্টি, পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মন্ত্রী বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার জন্য খাতটির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান। তিনি আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা এবং বিশেষায়িত একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে টেকসই দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি, ক্রমবর্ধমান বাজার এবং সরকারের চলমান উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। এ ছাড়া বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

১৩ বছরেরও বেশি সময় পর এমন বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে তিনি কাউন্সিল প্রেসিডেন্টকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এদিকে থাইল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পানিয়া চুপানিচ এবং থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুন।

বৈঠকে কারিগরি সহযোগিতার অংশ হিসেবে মন্ত্রী সরকারি পর্যায়ে (জিটুজি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান। আশা প্রকাশ করা হয়, এই সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রাকেও আরও গতিশীল করবে।

গাড়িতে আগুন ও মানুষ হত্যা রাজনৈতিক দলের কাজ নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ

জাতীয় ঐক্যের প্রতি এনইসির পূর্ণ সমর্থন

নাশকতার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সতর্কতা জারি, বাড়ছে নজরদারি

লগি-বইঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে: মারুফ কামাল খান

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে আশরাফ মাহদির ক্ষোভ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী