ভোলায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর সন্ত্রাসী হামলা এবং চ্যানেল ওয়ান প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোলা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় এতে জেলার সর্বস্তরের সাংবাদিকেরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশের জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুননু রায়হান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী ও প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়মত উল্লাহ।
এছাড়া প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ সুলাইমান, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের ডাকের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এবং বাংলাদেশ বেতারের (ভোলা দক্ষিণ) প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন, অত্যাচার কিংবা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। পেশাগত দায়িত্ব পালনে এমন বাধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা ভোলা সদর থানার ওসি সাংবাদিকদের প্রতি বিরূপ আচরণের তীব্র সমালোচনা করেন। তথ্য প্রদানকারী সাংবাদিককেই আসামি করা এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশের গড়িমসি করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে অনতিবিলম্বে সাংবাদিক আশরাফুল আলম সজীবের ওপর হামলাকারী সন্ত্রাসী নয়নসহ জড়িতদের গ্রেপ্তার এবং সাংবাদিক মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।