দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় দমকা হাওয়াসহ ঝোড়ো পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার (৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি, যা সাময়িক হলেও জনজীবনে প্রভাব ফেলতে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া যায়।
অন্যদিকে, দেশের আবহাওয়ার সামগ্রিক চিত্রেও অস্থিরতার ইঙ্গিত রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই—দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমবি