স্থল নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারও সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। ফলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা কম। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি দুর্বল হওয়ার কারণে বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও তুলনামূলক কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে কয়েক দিন ধরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ১৭ আগস্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে শেষ তিন ঘণ্টাতেই ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সাময়িকভাবে বৃষ্টি কমলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিনে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সাম্প্রতিক পাঁচ দিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরের পরিস্থিতিও আগের তুলনায় শান্ত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্ষাকালে সাগরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে বৃষ্টির বিরতির সময়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়লে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, আগস্ট মাসজুড়েই মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও না কোথাও বৃষ্টি হওয়ার স্বাভাবিক প্রবণতা রয়েছে। তাই বৃষ্টির সাময়িক বিরতির পর আবারও দেশজুড়ে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা অঞ্চলের মানুষকে ভারী বৃষ্টির পূর্বাভাসের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিয়ে যেতে পারে। এতে আজ বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী ২১ থেকে ২৪ আগস্ট নাগাদ আবারও সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।