হোম > প্রকৃতি ও পরিবেশ

জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই: বিমসটেক মহাসচিব

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর তাগিদ দিয়েছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)। পাশাপাশি জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় বিমসটেক যুব ফোরাম ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক। কার্যকরভাবে এই সংকট মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, কৃষি, অবকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাকে জলবায়ু সহনশীল ও টেকসই করে তুলতে দেশগুলোর সম্মিলিত উদ্যোগ দরকার।

বিমসটেক সচিবালয় ফোরামটির আয়োজন করে, সহ-আয়োজক ছিল বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। সংস্থাটির সদস্যদেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ফোরামে তরুণ নেতৃত্ব, নীতিনির্ধারক, গবেষক ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিয়ে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা, স্বল্প কার্বন অর্থনীতিতে উত্তরণ এবং আঞ্চলিক জলবায়ু কার্যক্রমে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান বলেন, ‘আমাদের তরুণেরা শুধু আগামী দিনের নেতা বা কর্মশক্তি নন। তারা আজকের উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, সমাজনেতা ও সমস্যা সমাধানকারী।’ তার মতে, তরুণেরা জলবায়ু সংকটকে নতুন সম্ভাবনায় রূপ দিতে পারেন; নিজেদের ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিওয়াইএলসির ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ তামিম বলেন, ‘নেতৃত্ব কোনো পদ নয়; নেতৃত্ব হলো আপনি যে উদ্যোগ নেন।’ নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা সমাধান ও ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিমসটেক সচিবালয়ের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের পরিচালক সোনাম সি. নামগিয়েল উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ আনুষ্ঠানিকতার মধ্যে আটকে রাখা যাবে না। নীতিনির্ধারণ, আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্থানীয় পর্যায়ের কার্যকর উদ্যোগে তাদের অর্থবহ ভূমিকার সুযোগ তৈরি করতে হবে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক অংশীদারত্ব, পরিবেশগত ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা।

ফোরামে জলবায়ু অভিযোজন ও প্রশমন বিষয়ে দুটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যাতে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা ও জ্বালানি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

‘জলবায়ু অভিযোজন: পানির সঙ্গে বসবাস—বঙ্গোপসাগরীয় অঞ্চলের জন্য বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা’ শীর্ষক প্রথম পর্বটি সঞ্চালনা করেন বিওয়াইএলসির জ্যেষ্ঠ নির্বাহী জান্নাতুল মাওয়া। এতে আলোচক ছিলেন জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জিওগ্রাফির গবেষক মোহাম্মদ মোফিজুর রহমান, এনভোলিড লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক তানিয়া নূর এবং অক্সফাম ইন বাংলাদেশের কর্মসূচি সমন্বয়ক শান্তা সোহেলী ময়না। আলোচনায় বাংলাদেশের পানিনির্ভর জীবনযাত্রা, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা এবং গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব উঠে আসে। বক্তারা মনে করেন, বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা অঞ্চলের অন্য দেশগুলোর জন্যও শিক্ষণীয় হতে পারে।

দ্বিতীয় পর্বের বিষয় ছিল ‘জলবায়ু প্রশমন: নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সবুজ কর্মসংস্থানের মাধ্যমে স্বল্প কার্বন নিঃসরণকারী বাংলাদেশ গঠন’। বিওয়াইএলসির যোগাযোগ, বিপণন ও ব্র্যান্ডিং বিভাগের উপব্যবস্থাপক রিমঝিম আক্তারের সঞ্চালনায় এতে অংশ নেন আইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।

সোহানুর রহমান বলেন, ‘ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য তরুণদের সবুজ দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে, সবুজ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে হবে এবং শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। টেকসই অর্থনীতি গড়তে পুনর্ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীসাদূষণের বিরুদ্ধে আমাদের লড়াই দেখিয়েছে, সবুজ রূপান্তরের পাশাপাশি বিদ্যমান পরিবেশগত অবিচার দূর করা এবং বিষাক্ত দূষণ থেকে জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়াও জরুরি।’

তার বক্তব্যে স্পষ্ট হয়, জ্বালানি রূপান্তর কেবল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয় নয়; এর সঙ্গে কর্মসংস্থান, শ্রমিকের অধিকার, জীবিকার সুরক্ষা ও জনস্বাস্থ্যও জড়িত। সীসাদূষণের মতো বিদ্যমান পরিবেশগত সমস্যার সমাধান ছাড়া টেকসই ও ন্যায্য রূপান্তর সম্ভব নয়।

এই পর্বে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও সবুজ কর্মসংস্থান সৃষ্টিকে স্বল্প কার্বন অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরা হয়। এই রূপান্তরের সুফল যেন শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে বিষয়েও জোর দেন বক্তারা।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া, বন্যা, উপকূলীয় ভাঙন ও পানির সংকটসহ নানা অভিন্ন জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে, যা মানুষের জীবিকা ও প্রতিবেশব্যবস্থার ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে।

ফোরামে কপ৩১-এর আলোচনার প্রসঙ্গও আসে। ন্যায্য জ্বালানি রূপান্তর কর্মসূচি এগিয়ে নেওয়া এবং এ বিষয়ে কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের প্রেক্ষাপটে বক্তারা বলেন, জলবায়ু নীতিতে পরিবেশগত লক্ষ্যের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য মোকাবিলাকেও গুরুত্ব দিতে হবে।

আলোচনা পর্বের বাইরে বিওয়াইএলসির প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের নিয়ে একটি নেতৃত্ববিষয়ক কর্মশালা পরিচালনা করেন। এতে তরুণেরা দলগত শেখা, সমস্যা সমাধান এবং নিজ নিজ এলাকায় জলবায়ু কার্যক্রম পরিচালনার বাস্তব কৌশল নিয়ে কাজ করেন।

কপ৩১ সম্মেলন শেষ হলো রাজনৈতিক সমঝোতা ছাড়াই

‘দেরি মানেই মৃত্যু’: জীবাশ্ম জ্বালানিতে আটকে কপ৩১, ক্ষুব্ধ তরুণেরা

এবার শীত কেমন হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৬ বিভাগে বৃষ্টির আভাস

জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটছে, সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামানোর নির্দেশ

অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়

মাছ বাঁচলে বাঁচবে জলজ পরিবেশ, নিরাপদ হবে মানুষের পুষ্টি

আর কতদিন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

জানা গেল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সর্বশেষ অবস্থা