তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) শেষ হয়েছে প্রধান রাজনৈতিক সমঝোতা ছাড়াই। টানা দুই সপ্তাহের আলোচনা নির্ধারিত সময়ের প্রায় দুদিন পর রোববার শেষ হলেও বহুল আলোচিত ‘আনতালিয়া প্যাক্ট’ গ্রহণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো।
জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু অর্থায়নের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতি মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনে বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ কাঠামো আন্তর্জাতিক পরিসরে প্রশংসা পেয়েছে। আগামী কপ৩২-এর আগে এ কাঠামোকে কার্যকর ও স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপ দেওয়ার তাগিদ এসেছে।
সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবিত আনতালিয়া প্যাক্ট নিয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। খসড়া চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হলেও কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার কোনো সুস্পষ্ট অঙ্গীকার রাখা হয়নি। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশ আপত্তি জানায়। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী কয়েকটি দেশ কঠোর ভাষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে।
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে ঐকমত্য হলেও কপ৩১-এ তা বাস্তবায়নের নতুন কোনো কার্যকর পথ নির্ধারণ করা যায়নি। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে অন্তত তিনগুণ বাড়ানোর আকাঙ্ক্ষা জানানো হলেও কোনো ভিত্তিবছর থেকে এ বৃদ্ধি হিসাব করা হবে এবং অর্থ কীভাবে সরবরাহ করা হবে, এর সুনির্দিষ্ট পরিকল্পনা আসেনি।
উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে ২০৩০ সাল পর্যন্ত প্রায় ৫.১ থেকে ৬.৮ ট্রিলিয়ন ডলার প্রয়োজন বলে খসড়ায় উল্লেখ করা হয়। শুধু অভিযোজন খাতেই ২০৩৫ সাল পর্যন্ত বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অথচ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল (এফআরএলডি) গঠনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থের তুলনায় বাস্তবে জমা পড়েছে অনেক কম। ২০২৩ সালে ৮০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও কপ৩১ শুরুর সময় পর্যন্ত জমা পড়ে প্রায় ৪৮৬ মিলিয়ন ডলার।
প্রধান রাজনৈতিক সমঝোতা না হলেও সম্মেলনে কয়েকটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। ন্যায্য জ্বালানি রূপান্তর বা ‘জাস্ট ট্রানজিশন’ মেকানিজমের কাঠামো নির্ধারণে দেশগুলোকে ২০২৭ সালের ১৫ মার্চের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। জলবায়ু অর্থায়নবিষয়ক স্থায়ী কমিটিকে আগামী বছরের নভেম্বরে প্রতিবেদন দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ক্ষয়ক্ষতি মোকাবিলায় ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজমের নির্বাহী কমিটি এবং সান্তিয়াগো নেটওয়ার্কের যৌথ বার্ষিক প্রতিবেদন গৃহীত হয়েছে। জাতীয় স্বচ্ছতা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির তথ্য অন্তর্ভুক্ত করার জন্য স্বেচ্ছাভিত্তিক নির্দেশিকাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এ ধরনের প্রতিবেদন তৈরি না করলেও কোনো উন্নয়নশীল দেশ কারিগরি সহায়তা বা অর্থায়ন থেকে বঞ্চিত হবে না বলে স্পষ্ট করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি অর্থায়নকৃত কারিগরি সহায়তার ন্যূনতম অংশ নির্ধারণ এবং সহায়তা প্রদানে বিলম্বের তথ্য প্রকাশের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল ও কারিগরি সহায়তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এফআরএলডিতে ১১৯টি উন্নয়নশীল দেশ থেকে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুরোধ জমা পড়েছে। অন্যদিকে সান্তিয়াগো নেটওয়ার্কের ৪০টির বেশি কারিগরি সহায়তার অনুরোধের মধ্যে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত মাত্র চারটির বাস্তবায়ন চলছিল।
কপ৩১-এ বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাওয়ার ঘোষণা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানিয়েছেন, এই অর্থ ঋণ নয়, সম্পূর্ণ অনুদান। প্রথম পর্যায়ের কার্যক্রম সফল হলে পরবর্তী সময়ে আরো সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু ঝুঁকি নিরূপণ, তথ্যব্যবস্থা ও মডেলিং, কৃষক-জেলে-ক্ষুদ্র উদ্যোক্তাদের বীমা এবং পূর্বাভাসভিত্তিক দ্রুত সহায়তা প্রদানে এ অর্থ ব্যবহারের কথা রয়েছে।
এছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের ‘এআরআইএসই’ কর্মসূচির আওতায় উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জীবিকায়ন কার্যক্রমে বাংলাদেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় কার্বন বাজারে সহযোগিতার জন্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
সম্মেলনে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল জাতীয় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ কাঠামো উপস্থাপন। ১৬, ১৭ ও ১৮ নভেম্বর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক সাইড ইভেন্ট এবং বাংলাদেশ প্যাভিলিয়নের পৃথক অধিবেশনে কাঠামোটি তুলে ধরা হয়।
পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) কারিগরি সহযোগিতায় তৈরি এ কাঠামোয় ১৪ ধরনের জলবায়ুজনিত দুর্যোগ, ৯টি বিষয়ভিত্তিক ক্ষেত্র ও ৫২টি উপক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে। এতে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি জীবন, জীবনমানসহ অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর ২০২৬-এ কাঠামোটি জাতীয় পর্যায়ে যাচাই ও চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এই উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে। ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজমের নির্বাহী কমিটির একজন কো-চেয়ার বাংলাদেশকে এক্ষেত্রে অগ্রগামী দেশ হিসেবে উল্লেখ করেছেন। সান্তিয়াগো নেটওয়ার্কও বাংলাদেশের অভিজ্ঞতা থেকে অন্য দেশগুলোর শেখার আগ্রহের কথা জানিয়েছে।
সিইজিআইএসের হাইড্রোলজিস্ট ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ গাজী রিয়াসাত আমিন আমার দেশকে বলেন, যেসব দেশ দ্রুত ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য প্রমাণ তুলে ধরতে পারে, তারা আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে। বাংলাদেশের জাতীয় কাঠামোয় অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক উভয় ধরনের ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যবস্থা রয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে তথ্য সংগ্রহ করা হলে ক্ষয়ক্ষতির হিসাব আরো বিশ্বাসযোগ্য হবে।
ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজমের নির্বাহী কমিটির সাবেক কো-চেয়ার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম খান আমার দেশকে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে এক দশকের বেশি সময় লেগেছে। এখন বাংলাদেশের প্রয়োজন নিজস্ব প্রস্তুতি জোরদার, সুনির্দিষ্ট জাতীয় ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং আন্তর্জাতিক ক্ষয়ক্ষতি তহবিল থেকে সরাসরি অর্থায়ন গ্রহণের সক্ষমতা তৈরি করা।
আগামী কপ৩২ অনুষ্ঠিত হবে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। তার আগে জাতীয় ক্ষয়ক্ষতি নিরূপণ কাঠামোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, স্থায়ী বাজেট বরাদ্দ নিশ্চিত করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও অর্থায়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব বণ্টন এবং সান্তিয়াগো নেটওয়ার্কের কারিগরি সহায়তা গ্রহণের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। একই সঙ্গে বড় দুর্যোগের পর দ্রুত আন্তর্জাতিক অর্থায়নের আবেদন জমা দেওয়ার জন্য ক্ষয়ক্ষতির তথ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে দুর্যোগের সম্পর্ক এবং প্রয়োজনীয় ব্যয়ের হিসাব আগেই প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।