হোম > প্রকৃতি ও পরিবেশ

ভারী বৃষ্টির সঙ্গে ঝড়-বজ্রপাতের পূর্বাভাস

স্বস্তির মধ্যে দেশজুড়ে বেড়েছে আতঙ্ক

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বৃষ্টির প্রভাবে সাতদিনের টানা তাপপ্রবাহ প্রশমিত হয়ে সারা দেশে বইছে স্বস্তির সুবাতাস। তবে এই স্বস্তির সঙ্গে দেশজুড়ে নতুন আতঙ্ক বেড়েছে। আবহাওয়া দপ্তর আগামী দুইদিন কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে। সেইসাথে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে।

গত রোববার কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে সারা দেশে ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তায় জনমনে আতঙ্ক বাড়ছে।

আজ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ওইসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নৌবন্দরসমূহে দুই নম্বর সতর্ক সর্কেত জারি করেছে সংস্থাটি।

সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে চলে রোদ-মেঘের খেলা; কখনো রোদ উঁকি দিলেও মুহূর্তের মধ্যে মেঘমালায় তা হারিয়ে যায়। এমন রোদ-মেঘের খেলার মধ্যেই দুপুরের পর থেকে রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল।

আবহাওয়া দপ্তরের ভাষায়- ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত। এদিক থেকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।

আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৮ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ও কুমিল্লায় ৬৩, সিলেটে ৬১, কিশোরগঞ্জের নিকলিতে ৫৩, ময়মসিংহে ৫১ এবং রাঙ্গামাটিতে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অবশ্য এর আগে রোববার রংপুরে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। এতে তাপমাত্রা কমে তাপপ্রবাহ প্রশমিত হয়ে সর্বত্রই ঠান্ডা বাতাসে স্বস্তির সুবাতাস বইছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগের দিনের তুলনায় রাজধানীতে ৫ ডিগ্রীরও বেশি তাপমাত্রা কমেছে। রাজধানীতেও সর্বনিম্ন তাপমাত্রাও কমে আজ রেকর্ড করা হয় ২১ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে আজ সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ আমার দেশকে বলেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা প্রশমিত হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী মাসের ৩ তারিখ নাগাদ চলতে পারে। ফলে এই সময়ে দেশে কোনো তাপপ্রবাহ থাকবে না।

এর আগে গত ২০ এপ্রিল থেকে বয়ে যাওয়া তাপপ্রবাহ গত বুধবার ২৭ জেলা, বৃহস্পতিবার ২০ জেলা, শুক্রবার ২১ জেলা এবং শনিবার ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেলেও গত রোববার ৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। অন্যদিকে গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং গত বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।

কোন জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়, কারণ কী

রোদ-মেঘের খেলায় আরো ভারি বৃষ্টির আভাস

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে

টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

আজ থেকে টানা ভারি বৃষ্টির আভাস

কাল থেকে টানা ভারী বৃষ্টির আভাস

তাপমাত্রা কমে বাড়ছে বৃষ্টির প্রবণতা

তাপপ্রবাহের মাঝেই উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তাপপ্রবাহ কমলেও গরম বেশি, রোববার ভারী বৃষ্টির আভাস