কমেছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়ছে। ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আগামী দুইদিন রংপুর ও সিলেট বিভাগের দুয়েকটি এলাকা ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আগের দিনের তুলনায় সারা দেশে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ সেলসিয়াস। এসময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগের দিনের তুলনায় রাজধানীতে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
বৃষ্টিপাতের পরিমাণ ও পরিধিও কমেছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সংস্থাটির ৫১ টি স্টেশন পর্যবেক্ষণের কেন্দ্র এলাকার মধ্যে মাত্র ১৬টি এলাকায় বৃষ্টি হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার। অর্থাৎ আগের কয়েকদিনের তুলনায় সারাদেশেই বৃষ্টি একেবারে কমে এসেছে। আজ রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দুয়েকটি এলাকায় ছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে তাপমাত্রা ক্রমেই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এতে আবারও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সংস্থাটি কর্মকর্তা বলছেন, আগামীকাল শনিবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে টানা কয়েকদিন চলতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাত কমে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে। এছাড়াও চলতি মাসের শুরুর দিকে দীর্ঘ পূর্বাভাসেও এক থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
আজ রাত ১০টার দিকে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, আবহাওয়ার যে পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমেই বাড়বে। এতে আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শনিবার ও রোববার রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর ধীরে ধীরে সারাদেশে তাপমাত্রা আরো বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, এর আগে গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে যায়। এতে গত রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির প্রভাবে গরম ততটা অনুভব হয়নি।