হোম > প্রকৃতি ও পরিবেশ

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

সরদার আনিছ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। শুক্রবার বিকালের পর দেশের কোথাও এর উপস্থিতি না পাওয়ায় আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আনুষ্ঠানিকভাবে মৌসুমি বায়ুর বিদায়ের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে প্রায় চার মাস সক্রিয় থাকার পর বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটল। তবে বিচ্ছিন্নভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গত ৬ জুন টেকনাফ উপকূল হয়ে চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করেছিল মৌসুমি বায়ু। পরে ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করে। এর প্রভাবে বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।

মৌসুমি বায়ু বিদায়ের দিনে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হলেও পরিমাণ খুব বেশি ছিল না। রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়।

এদিন তাপমাত্রাও আগের কয়েক দিনের তুলনায় কমেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও কক্সবাজারের কুতুবদিয়ায়, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমায় ভ্যাপসা গরমের অস্বস্তিও কমেছে।

রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এতে বাতাসের আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অনুভূতি আরো কমতে পারে। তবে আপাতত তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি দুর্বল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশঙ্কা কম। মৌসুমি বায়ু বিদায়ের পর দেশে টানা বা ভারী বৃষ্টির প্রবণতাও কমে আসতে পারে। তবে কোথাও কোথাও বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।

মৌসুমি বায়ু বিদায়ের ফলে দেশের আবহাওয়া ও পরিবেশের কী ধরনের পরিবর্তন হয়ে থাকে এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক, মৌসুমি বায়ু বিদায়ের পর সাধারণত বৃষ্টিপাত কমে, আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং বাতাসের আর্দ্রতা হ্রাস পায়। ফলে দিনের ও রাতের তাপমাত্রায় পার্থক্য বাড়তে পারে এবং ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং তা শক্তিশালী হওয়ার সম্ভাবনাও থাকে।

আবহাওয়া অধিদপ্তরের অক্টোবরের পূর্বাভাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, এর কোনোটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা

দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আসবে দেরিতে, যাবে আগে—এবারের শীতকাল নিয়ে শঙ্কায় আবহাওয়াবিদরা

মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিতেও কাটছে না রাজধানীর ভ্যাপসা গরম

মৌসুমি বায়ুর বিদায় লগ্নে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

এবার শীত কম পড়বে, কত দিন স্থায়ী হবে শীতকাল

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টি কমে বাড়ছে ভ্যাপসা গরম